দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক জান্নাতুল নওরীন উর্মি।
রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন সংগ্রহের পর প্রতিক্রিয়ায় নওরীন বলেন, সংরক্ষিত নারী আসনকে কেবল সাংবিধানিক ব্যবস্থা নয়, বরং নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের একটি বাস্তবধর্মী সুযোগ হিসেবে দেখা উচিত।
তার ভাষ্য, জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে ৫০টি সংরক্ষিত নারী আসন থাকায় নারীর প্রতিনিধিত্ব প্রায় ২০ শতাংশ হলেও বৈশ্বিক গড়ের তুলনায় এটি এখনও কম। তাই এই কাঠামো নারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম তৈরি করে।
তিনি বলেন, সাধারণ আসনে নির্বাচন করতে যে রাজনৈতিক নেটওয়ার্ক, অর্থনৈতিক সক্ষমতা ও সাংগঠনিক শক্তি প্রয়োজন, তা অনেক নারীর জন্য সম্ভব হয় না। এই বাস্তবতায় সংরক্ষিত আসন নারীদের নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করে।
নওরীন জানান, দীর্ঘদিন ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকার অভিজ্ঞতা থেকে তিনি নারীদের অধিকার, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংসদীয় প্রতিনিধিত্বকে গুরুত্বপূর্ণ মনে করেন।
আন্তর্জাতিক উদাহরণ টেনে তিনি বলেন, নারীর অংশগ্রহণ বাড়লে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। বাংলাদেশে এখনও নারীর প্রতি সহিংসতা ও মাতৃমৃত্যুর হার উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, নির্বাচিত হলে নারী, শিশু, শিক্ষা, স্বাস্থ্য, আইসিটি ও স্বরাষ্ট্রবিষয়ক কমিটিতে কাজ করার পাশাপাশি জেন্ডার-সংবেদনশীল বাজেট প্রণয়ন ও প্রাইভেট মেম্বার বিল উত্থাপনের উদ্যোগ নেবেন।
রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে নওরীন বলেন, ছাত্ররাজনীতির কারণে তিনি বিভিন্ন সময়ে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন এবং এসব অভিজ্ঞতা তাকে আরও দৃঢ় করেছে।
তিনি বলেন, রাজনীতি তার কাছে শুধু সাংগঠনিক কার্যক্রম নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি লড়াই।
প্রসঙ্গত, নওরীন বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
এমএস/